বিদেশযাত্রার আগেই বড় স্বস্তি, সক্রিয় হলো অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

বার্তা ডেস্কঃ

বিদেশযাত্রার ঠিক আগেই কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি করল আদালত।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, প্রয়োজনীয় ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করা হয়েছে। এর ফলে তিনি এখন থেকে স্বাভাবিকভাবেই নিজের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই তথ্য জমা দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

শুনানি চলাকালীন বিচারপতি কৃষ্ণা রাও কড়া পর্যবেক্ষণে জানান, তিনি যে ব্যক্তিই হন না কেন, অ্যাকাউন্ট ফ্রিজ় করার মতো পদক্ষেপ নেওয়ার আগে গ্রাহককে অন্তত আগাম জানানো ব্যাঙ্কের উচিত। জবাবে ব্যাঙ্কের আইনজীবী জানান, তাঁদের তরফে এসএমএস (SMS) পাঠানো হয়েছিল এবং বিষয়টি ইচ্ছাকৃত নয়। অন্যদিকে, অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য হয়রানির অভিযোগ তুলে প্রতিকূল খরচের (token cost) দাবি জানালেও, আদালত মামলাটির সম্পূর্ণ নিষ্পত্তি করে দেয়।

উল্লেখযোগ্যভাবে, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ব্যাঙ্কের তরফে কোনো স্পষ্ট কারণ না দেখিয়ে বিএনএস (BNS)-এর ১০৭ ধারা অপব্যবহারের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গত শুনানিতে আদালত নির্দেশ দেয় যাতে ব্যাঙ্কের প্রতিনিধিরা সাংসদের বাড়ি গিয়ে কেওয়াইসি করিয়ে আনেন। সেই নির্দেশ মেনে কাজ সম্পন্ন হওয়ার পরই এ দিন মামলাটির স্থায়ী সমাধান হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *