বারুইপুরে বিজেপি কর্মীকে নৃশংস খুন, নেপথ্যে কি তবে দলীয় কোন্দল?
বার্তা ডেস্কঃ
বারুইপুর: পঞ্চায়েত ও স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বাপি প্রামাণিক নামে এক প্রবীণ বিজেপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। নিহত বাপি প্রামাণিক দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের দাবি, দলীয় রাজনীতি করার অপরাধে অতীতে তাঁকে প্রায় ১০ বছর ঘরছাড়াও থাকতে হয়েছিল।
ঘটনার বিবরণ দিতে গিয়ে পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে বাপি প্রামাণিককে ফোনে ডেকে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। এরপরই তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় অধিবাসীদের একটি বড় অংশের দাবি, স্থানীয় একটি পুজো কমিটিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই এলাকা উত্তপ্ত ছিল। সেই বিবাদের জেরেই শাসকদলের (তৃণমূল কংগ্রেস) আশ্রিত দুষ্কৃতীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তবে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। একাংশের অভিযোগ, এই খুনের পেছনে শুধু শাসকদলই নয়, বিজেপির ভেতরের গোষ্ঠীদ্বন্দ্বও অন্যতম কারণ হতে পারে। এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক বিজেপি নেতা সুজন মণ্ডলের।
যদিও পুলিশ প্রশাসন আপাতত এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি। তবে বারুইপুর থানা সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহের ভিত্তিতে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। রক্তক্ষয়ী এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বজায় রয়েছে।