রাজনৈতিক শত্রুতা ভুলে একই সুরে রাজ-কৌস্তভ, মহানায়কের মঞ্চে নতুন সমীকরণের ইঙ্গিত!

বার্তা ডেস্কঃ

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ ‘ট্রিবিউট ওয়াক’ পরবর্তী অনুষ্ঠানে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল টলিউড। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হলেও, এই সাংস্কৃতিক মঞ্চে সমস্ত ‘রাজনৈতিক শত্রুতা’ ভুলে একসঙ্গে গলা মেলালেন রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুরের বর্তমান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি। দুজনকে একসঙ্গে বিখ্যাত ‘আনন্দ আশ্রম’ চলচ্চিত্রের কালজয়ী গান ‘পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে’ গাইতে দেখা যায়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে তাঁদের এই যুগলবন্দী মুহূর্তের মধ্যেই উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি রাজ্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন ও নতুন সমীকরণের জল্পনা তৈরি করেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের এই জল্পনাকে খুব একটা প্রাধান্য দিতে নারাজ বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি। তিনি স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেখানো পথেই সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কোনো ভেদাভেদ রাখতে চান না তাঁরা। তাঁর মতে, সাংস্কৃতিক মঞ্চে রাজনৈতিক দূরত্ব না রাখাই স্বাভাবিক এবং পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখা উচিত। যদিও এই সমগ্র বিষয়ে প্রাক্তন বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উত্তম স্মরণের সন্ধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে কালজয়ী গানের এই মেলবন্ধন টলিপাড়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে চরম আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *