“এটি যুদ্ধের যুগ নয়”: ইউক্রেনে শান্তি ফেরানোর জোরালো বার্তা জয়শঙ্করের!
বার্তা ডেস্কঃ
September 5, 202610:33 am
দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ভারত। ইউক্রেনের রাজধানী কিয়েভে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই স্পষ্ট বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেদিন শান্তি আলোচনার ইঙ্গিত দিয়ে আশার আলো দেখিয়েছেন, ঠিক সেই দিনেই ভারতের এই কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কিয়েভে বৈঠক শেষে জয়শঙ্কর দ্ব্যর্থহীন ভাষায় জানান, ভারত শুরু থেকেই বলে আসছে যে এটি যুদ্ধের যুগ নয় এবং যুদ্ধক্ষেত্র থেকে স্থায়ী কোনো সমাধান পাওয়া সম্ভব নয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তির বার্তার কথাও স্মরণ করিয়ে দেন। বিদেশমন্ত্রী জানান, সংঘাতের প্রতিটি দিন মানেই অতিরিক্ত মানুষের প্রাণহানি এবং ধ্বংসলীলা। তাই দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে হবে। এই শান্তি প্রক্রিয়ায় ভারত যদি কোনো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে, তবে তার জন্য দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক মাধ্যমে জানান, যুদ্ধ থামানোর পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে আলোচনা হয়েছে। শান্তি ফেরাতে ভারতের এই সহযোগিতার মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জেলেনস্কি আশা প্রকাশ করেন যে, বিশ্বের অন্যান্য দেশও ভারতের মতো এমন স্পষ্ট ভূমিকা গ্রহণ করবে।
কূটনৈতিক আলোচনার পাশাপাশি এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ওষুধ, খাদ্যপণ্য, কৃষি, সার, ভারী যন্ত্রপাতি এবং রাসায়নিক খাতের বাণিজ্য বাড়াতে উভয় দেশ একমত হয়েছে। চরম যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইউক্রেনের সঙ্গে ভারতের এই সামগ্রিক যোগাযোগ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।