মাত্র দুটি ইঞ্জেকশনেই সব শেষ, ১০ বছরের শিশুর রহস্যমৃত্যু ঘিরে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ!
বার্তা ডেস্কঃ
কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ বছরের এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার পেটে ব্যথার তীব্র সমস্যা নিয়ে ওই শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তার পরিবার। পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসার সময় পরপর দুটি ইঞ্জেকশন দেওয়ার পরই হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে শিশুটি এবং মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। এই ঘটনায় বউবাজার থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত শিশুর বাবা নরেশ যাদব জানিয়েছেন, রবিবার সকালে পেটে ব্যথা শুরু হওয়ার পর ছেলেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রথম ইঞ্জেকশন দেওয়ার পর কিছুটা সুস্থ মনে হলেও, দ্বিতীয় ইঞ্জেকশন পুশ করার পরেই শিশুটি জ্ঞান হারায় এবং তার মৃত্যু হয়। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটিকে যখন আনা হয়েছিল তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।