বাংলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, আয়ুষ্মান ভারতের সুবিধা পেলেন ৪ কোটি মানুষ!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের পর রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ সাধারণ মানুষের চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত রাজ্যের মানুষ মোট ২৯১ কোটি টাকার চিকিৎসা পরিষেবা লাভ করেছেন। অতীতে পূর্বতন সরকারের সময় ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প ঘিরে বেড পাওয়া নিয়ে রোগীদের ভোগান্তির অভিযোগ উঠলেও, বর্তমানে কেন্দ্র ও রাজ্যের যৌথ এই স্বাস্থ্যব্যবস্থায় উপকৃত হচ্ছেন লাখ লাখ মানুষ।
তথ্য বলছে, এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত চিকিৎসাধীন হয়েছেন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষ, যার মধ্যে ৪ হাজার ৬০০ জন রোগী ভিনরাজ্যে গিয়েও চিকিৎসা করিয়েছেন। বর্তমানে রাজ্যে ৪ কোটি ১৩ লক্ষ মানুষ স্বাস্থ্যকার্ড হাতে পেয়েছেন এবং নতুন করে আবেদন জানিয়েছেন আরও ১ কোটি ৮০ লক্ষ মানুষ। দেশজুড়ে প্রায় ৪০ হাজার হাসপাতালে এই সুবিধার সুযোগ থাকলেও, শুধুমাত্র এক রাজ্যেই রয়েছে প্রায় ২ হাজার ৫০০টি নথিভুক্ত হাসপাতাল।