ইনজেকশন নিতেই নাবালকের মৃত্যু, গাফিলতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পেটে ব্যথা ও জ্বর নিয়ে ভর্তি হওয়া ১১ বছরের নাবালক পবন যাদবের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, কোনো সিনিয়র চিকিৎসক ছাড়া জুনিয়র চিকিৎসকদের দেওয়া পরপর দু’টি ইনজেকশনের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে পরিজনদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দুলের বাসিন্দা শিশুটি পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েছিল।
পরিস্থিতি পর্যালোচনা করে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি মৃতের পরিবারের সাথে দেখা করে আশ্বস্ত করেন যে, চিকিৎসায় কোনো গাফিলতি প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। ইনজেকশনের কেমিক্যাল বিশ্লেষণ ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ঘটনায় ধৃতদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য পুলিশের কাছে অনুরোধ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আলোচনা করে পরিবারটিকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।