বাংলায় গুন্ডামি আর নয়, নারী নির্যাতন ও মাদকের বিরুদ্ধে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
দিল্লি সফর শেষে কলকাতায় ফিরেই ভবানী ভবনে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নারীদের ওপর অত্যাচার ও বেআইনি মাদক কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি সাফ জানান, পুলিশকে এই দুটি ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার ‘খোলা ছাড়’ দেওয়া হয়েছে। আইন হাতে তুলে নিয়ে গুন্ডামি করা হলে পুলিশ চুপ করে বসে থাকবে না এবং অপরাধীদের সোজা জেলে যেতে হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন। সংবেদনশীল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সরকার ও পুলিশমন্ত্রী হিসেবে তিনি সর্বদাই পুলিশ বাহিনীর পাশে অভিভাবক ও রক্ষাকবচ বা ‘ঢাল’ হয়ে দাঁড়াবেন বলেও স্পষ্টভাবে আশ্বাস পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
আইনভিত্তিক শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, অরাজকতা বরদাস্ত করা না হলেও গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সবসময় স্বাগত জানানো হবে। এছাড়া, সম্প্রতি ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো উসকানিমূলক গুজবের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা লাইক করলে বিশেষ সেলের মাধ্যমে তদন্ত করে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। সম্পূর্ণ আইনি পথেই অপরাধ দমন এবং নতুন ‘বিএনএস’ (BNS) আইনের স্পষ্ট নির্দেশনা মেনেই পুলিশ প্রশাসন প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি সর্বসমক্ষে জানান।