গঙ্গার ভাঙন রুখতে দিল্লিতে বড় জয়, ফরাক্কা বাঁচাতে তৎপর মুখ্যমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গার ভয়াবহ ভাঙন সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দিল্লির জলশক্তি মন্ত্রকে আয়োজিত এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায় বৈঠকে নদী অববাহিকায় জরুরি ভিত্তিতে পলি তোলা বা ড্রেজিং এবং নদী পার বাঁধানোর ওপর সর্বাধিক জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পে আইআইটি রুরকি ও আইআইটির বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে, যার জন্য প্রায় ১৫৫০ কোটি টাকার একটি রূপরেখা প্রস্তুত করা হয়েছে। ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের নদী অববাহিকায় সমন্বয় বজায় রেখে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, বিগত পাঁচ দশকে গঙ্গা নদী গতিপথ পরিবর্তন করে প্রায় ছ’কিলোমিটার সরে আসায় মালদহের গঙ্গা ও ফুলহার নদীর মধ্যকার দূরত্ব কমে মাত্র ৭৫০ মিটারে ঠেকেছে। এর ফলে ফরাক্কা ব্যারেজ অকার্যকর হয়ে পড়ার পাশাপাশি সম্পূর্ণ মালদহ শহর এবং সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুরেই জানান, আগামী এক বছরের মধ্যেই মানুষ এর সুফল পেতে শুরু করবেন এবং পাঁচ বছরের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।