পুজোর বিজ্ঞাপন না সরালে তিন গুণ জরিমানা, সতর্কবার্তা পুরসভার!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর সময় শহরের বিভিন্ন প্রান্তে লাগানো অস্থায়ী বিজ্ঞাপন এবং সেগুলি লাগানোর বাঁশের কাঠামো বুধবারের মধ্যে সরিয়ে ফেলার কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই নির্দেশ অমান্য করলে নির্ধারিত হারের অন্তত তিন গুণ পর্যন্ত জরিমানা আদায় করা হবে। পাশাপাশি, পুরসভার উদ্যোগে সেই সমস্ত বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার খরচও সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তা ও বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে আদায় করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিবছর পুজোর পর দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে ব্যানার, হোর্ডিং ও ফ্লেক্স পড়ে থাকার ফলে শহরের সৌন্দর্যহানির পাশাপাশি পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়। এছাড়া ঝড়-বৃষ্টির সময়ে বিপজ্জনক কাঠামো ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কাও থাকে। এই পরিস্থিতি এড়াতে পুরসভার কাছে থাকা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি বা সংস্থাকে দ্রুত পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শহরের বেশ কিছু এলাকা থেকে হোর্ডিং সরলেও অনেক জায়গায় সেগুলি রয়ে গেছে, যা দ্রুত অপসারণে তৎপর হয়েছে পুর প্রশাসন।