ইউরোপের আকাশে উড়ছে ভারতীয় অস্ত্র, রফতানি বাড়ল ১৬৬৫ শতাংশ!
বার্তা ডেস্কঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় দেশগুলিতে ভারতের প্রতিরক্ষা সামগ্রী ও গোলাবারুদ রফতানি অভাবনীয় গতিতে বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যম ব্লুমবার্গের পরিসংখ্যান উল্লেখ করে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত চার বছরে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ৮,৩০০ কোটি টাকা (৮৭২ মিলিয়ন ডলার) মূল্যের অস্ত্র ও সরঞ্জাম পাঠিয়েছে ভারত। পূর্ববর্তী চার বছরের মাত্র ৪৭০ কোটি টাকার (৪৯.২ মিলিয়ন ডলার) তুলনায় এই বৃদ্ধির পরিমাণ প্রায় ১,৬৬৫ শতাংশ বা প্রায় ১৮ গুণ। বর্তমানে মধ্য ও পূর্ব ইউরোপের ১৩টি দেশে যুদ্ধোপকরণ সরবরাহের দিক থেকে দক্ষিণ কোরিয়ার পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।
বিশ্বজুড়ে ভারতীয় সামরিক সরঞ্জামের চাহিদা বৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে রেকর্ড ৩৮,৪২৪ কোটি টাকার সামগ্রী রফতানি করেছে দেশ। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং নিশ্চিত করেছেন যে ইউরোপের বাজারে ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলি শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম পাঠায় ভারত, যার মধ্যে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বজুড়ে দারুণ সাফল্য ও পরিচিতি পেয়েছে। এই অভূতপূর্ব রফতানি প্রবৃদ্ধি বিশ্বমঞ্চে ভারতের প্রতিরক্ষা শিল্প ও অর্থনৈতিক স্বাবলম্বিতার শক্তিশালী প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে।