৫ নভেম্বর নবান্নে বড় চমক, রাজ্যের নতুন শিল্পনীতির সঙ্গে বদলাচ্ছে ‘কৃষক বন্ধু’র নাম!
বার্তা ডেস্কঃ
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হল পশ্চিমবঙ্গের বহুপ্রতীক্ষিত নতুন শিল্পনীতি। দুর্গাপুজোর পর প্রথম এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জানা গেছে, আগামী ৫ নভেম্বর নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নীতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। নতুন শিল্পনীতিতে ১০০ একর বা তার বেশি জমির শিল্প প্রকল্পে দ্রুত অনুমোদনের জন্য ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’ চালু এবং বিনিয়োগ টানতে বিশেষ ইনসেনটিভের ব্যবস্থা থাকছে। তবে জমিতে ৩ বছরের মধ্যে উৎপাদন শুরু না হলে তা ফিরিয়ে নেওয়ার কড়া শর্ত রাখা হচ্ছে। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের নির্ভয়ে বিনিয়োগের আহ্বান জানিয়ে তোলাবাজি ও হুমকির বিরুদ্ধে বিশেষ টোল-ফ্রি নম্বরের (১৫৫-৩৩৫) কথা স্মরণ করিয়ে দেন।
পাশাপাশি, মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে একাধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। রাজ্য সরকারের বহুল প্রচলিত ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি’। আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় আয়োজিত জনসভা থেকে প্রায় ৪৮ লক্ষ নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২০০০ টাকা সরাসরি জমা দেওয়া হবে। এ ছাড়াও, কালীপুজোয় প্রতিটি জেলায় মন্ত্রীদের প্রশাসনিক নজরদারির দায়িত্ব প্রদান, জনকল্যাণমূলক কাজে ৩৫ শতাংশ বাজেট খরচ করা দফতরগুলিকে পরবর্তী অর্থ বরাদ্দ এবং ১১ থেকে ১৮ নভেম্বর রাজ্যজুড়ে ‘জনজাতি গৌরব দিবস’ পালনের ঘোষণা করা হয়েছে।