মেয়ের চোখের সামনেই কুড়ুলের কোপে স্বামীকে খুন করলেন স্ত্রী!

বার্তা ডেস্কঃ

একান্নবর্তী পরিবার ভেঙে আলাদা থাকার জেদ রূপ নিল ভয়াবহ রক্তপাতে। বাঁকুড়ার বরজোড়ার পখন্না গ্রামে যৌথ পরিবারে থাকার অনীহাকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক অশান্তির জেরে ঘুমন্ত স্বামীর গলায় কুড়ুলের কোপ বসানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঝুমা চক্রবর্তী নামের ওই অভিযুক্ত গৃহবধূকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে উজ্জ্বল চক্রবর্তীর সঙ্গে ঝুমার বিয়ে হয় এবং তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। পরিবারের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করা নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে এই বিবাদ চরমে পৌঁছায়। অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে নিজের নাবালক মেয়ের সামনেই স্বামীর গলায় একের পর এক কোপ দেন ঝুমা। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এলে উজ্জ্বলের দাদাও আঘাত পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। দাম্পত্য কলহের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *