উৎসবের মরশুমে দুর্যোগের ভ্রুকুটি, ভাসবে কি বাংলা!
বার্তা ডেস্কঃ
জোড়া নিম্নচাপের জেরে হেমন্তকালেও মেঘলা আকাশ ও বৃষ্টির কবলে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অবশিষ্টাংশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় জনজীবন কিছুটা ব্যাহত হচ্ছে।
ভারতের মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার এই দাপট অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গের কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উৎসবের মরশুমে হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তনে সাধারণ মানুষ ও পর্যটকরা কিছুটা বিপাকে পড়েছেন। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। পরিস্থিতির উপর ক্যর নজর রাখা হচ্ছে এবং পরবর্তী আপডেট না আসা পর্যন্ত উপকূল ও পাহাড়ি অঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা বজায় রাখতে বলা হয়েছে।