দিল্লি থেকে কাশী মাত্র ৩ ঘণ্টায়, বদলে যাচ্ছে যাতায়াতের ভবিষ্যৎ!
বার্তা ডেস্কঃ
দেশজুড়ে দ্রুতিগতির যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বুলেট ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণে বড় পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তাবিত এই উত্তর করিডরের মাধ্যমে দিল্লির সঙ্গে যুক্ত হতে চলেছে আগরা, কানপুর, লখনউ, অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী এবং বিহারের পটনা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দিল্লি থেকে বারাণসী পৌঁছতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা ৩৩ মিনিট। এছাড়া বারাণসী থেকে প্রয়াগরাজ ৩৩ মিনিটে এবং পটনায় মাত্র ১ ঘণ্টায় যাওয়া সম্ভব হবে। এমনকি এই প্রস্তাবিত নেটওয়ার্কের নকশায় শিলিগুড়ি হয়ে গুয়াহাটি পর্যন্ত পথও অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি এক ঘণ্টা অন্তর বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলমন্ত্রীর মতে, এই পরিষেবা কেবল উচ্চবিত্তের জন্য নয়, বরং মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী, চাকরিজীবী ও পড়ুয়াদের যাতায়াতকেও অত্যন্ত সহজ করে তুলবে। প্রকল্পের নির্মাণকাজে উন্নত গুণগত মান বজায় রাখতে এবং দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় পিলারের মতো অংশগুলি কারখানাতেই তৈরি করা হবে। ফলে উত্তর ভারত থেকে পূর্বাঞ্চল পর্যন্ত সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।