ঋত-শিবির ছাড়তেই বিপাকে, হামিদুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের সমস্ত পুরনো মামলা ‘রি-ওপেন’ (পুনরায় চালু) করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ার জনসভা থেকে নাম না করে হামিদুলকে ‘কুখ্যাত গুণ্ডা’ ও ‘মাফিয়া’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন তিনি। সদ্য ঋতব্রত শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশের পরই হামিদুলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কর্ণজোড়ার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এসপি ইসলামপুর, ডিআইজি, আইজিকে বলে গেলাম, চোপড়ার কুখ্যাত গুণ্ডা, মাফিয়া বিধায়কের বিরুদ্ধে যত মামলা আছে তা রি-ওপেন করবেন। যত জমি লুট করেছে সব জমি উদ্ধার করবেন।” তিনি আগামী দিনে চোপড়া এবং ইসলামপুরে সভা করার হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “আমি দেখতে চাই কত বড় মস্তান এই জেলাতে আছে?” এর পাশাপাশি, একুশের বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত ভোটে যারা অত্যাচার চালিয়েছিল, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে নতুন করে এফআইআর করারও আহ্বান জানান তিনি।

টানা তিনবারের বিধায়ক হামিদুল রহমান একসময় এলাকার দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজ্যে পালাবদলের পর তিনি ঋতব্রত শিবিরে যোগ দিলেও, গত মঙ্গলবারই তিনি পুরনো মমতা শিবিরেই থাকবেন বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবশ্য হামিদুলের দাবি, তাঁর বিরুদ্ধে বর্তমানে একটিও মামলা নেই। তিনি বলেন, “আমার বিরুদ্ধে কোনও কেস থাকলে নিশ্চয়ই করবে। কারও চা বাগান যদি দখল করে থাকি, তা হলে তা নিয়ে নিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আছি বলে ঘোষণা করেছি, তাই আমার বিরুদ্ধে এসব বলা হচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *