জামিন পেলেও বিপদ কাটল না সন্দীপ ঘোষের, ফের ইডির নিশানায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ!
বার্তা ডেস্কঃ
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও আইনি প্যাঁচমুক্ত হতে পারলেন না প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সরাসরি ইডির তলবে ফের চরম অস্বস্তিতে পড়লেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছে। আরজি করে দায়িত্বে থাকাকালীন টেন্ডার দুর্নীতি, বিপুল পরিমাণ সরকারি টাকা তছরুপ এবং বেআইনি আর্থিক লেনদেনের গভীর অভিযোগ নিয়ে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
দীর্ঘদিন জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন সন্দীপ ঘোষ, কিন্তু সমান্তরাল তদন্তে নামা ইডি প্রথম থেকেই তাঁর ওপর কড়া নজর রাখছিল। এই মামলায় ইতিমধ্যেই তাঁর একাধিক ঘনিষ্ঠের নাম প্রকাশ্যে এসেছে এবং ব্যবসায়ী সুমন হাজরা গ্রেফতারের পর জামিন পেয়েছেন। তবে তরুণী চিকিৎসকের অকালপ্রয়াণের পর থেকে আরজি করে ভর্তি-বাণিজ্য ও নানা আর্থিক নয়ছয়ের যেসব গুরুতর অভিযোগ সামনে এসেছে, ইডির এই সাম্প্রতিক তলব সেই মামলায় নতুন মোড় এনে দিল।