একাধিক বিয়ে করলেই খোয়া যাবে সরকারি চাকরি!
বার্তা ডেস্কঃ
একাধিক বিয়ে রয়েছে? তবে আর রক্ষা নেই! সরকারি কর্মচারীদের বহুবিবাহ রুখতে এবার মারাত্মক কড়া পদক্ষেপ নিল আসাম সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ‘আসাম সার্ভিসেস রুলস, ১৯৬৪’-এ ঐতিহাসিক সংশোধন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকারের আগাম অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে বা বহুবিবাহের অভিযোগ প্রমাণিত হলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে সংশ্লিষ্ট কর্মী বা কর্মকর্তাকে। শুধু চাকরি খোয়ানোই নয়, ভবিষ্যতে আর কোনো সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্যতাও থাকবে না তাঁর। রাজ্য সরকারের স্পষ্ট বার্তা—ব্যক্তিগত ধর্মীয় আইনে ছাড় থাকলেও নারী সুরক্ষা, ক্ষমতায়ন ও লিঙ্গসমতা রক্ষায় সরকারি নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
পূর্বের নির্দেশিকাকে আরও কঠোর করে সাফ জানানো হয়েছে, প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় অনুমতি ছাড়া বিয়ে করলে বিভাগীয় তদন্ত ও বাধ্যতামূলক অবসরের মতো চরম শাস্তি কার্যকর হবে। এই নিয়ম পুরুষ ও মহিলা—সকল সরকারি কর্মীর জন্যই সমভাবে প্রযোজ্য হবে। এ ছাড়া, বহুবিবাহের সাথে যুক্ত ব্যক্তিদের সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাতালিকা থেকেও বাদ দেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। ২০২৩ সালের নির্দেশিকাকে আইনি ভিত্তি দিয়ে তৈরি এই নতুন নিয়মটি সরকারি প্রশাসনিক ব্যবস্থায় সততা ও শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।