ভোটের ঝটকায় সেনসেক্সে তুফান! কয়েক ঘণ্টার ব্যবধানে ৮ লক্ষ কোটি টাকা পেলেন বিনিয়োগকারীরা
আমেরিকার রাজনৈতিক ধাক্কার সরাসরি প্রভাবে বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজার ঝড়ের গতিতে এগোচ্ছে। বাজার খোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সংস্থাগুলির সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৯৩ লক্ষ কোটি থেকে বেড়ে ৫০২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, ফলে বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় ৮ লক্ষ কোটি টাকা। এ দিন সেনসেক্স একপর্যায়ে ২০০০ পয়েন্টেরও বেশি লাফিয়ে ৭৯ হাজারের ঘরে পৌঁছে যায় এবং নিফটি ২৪,৫০০ পয়েন্টের গণ্ডি পার করে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে ব্যারেলপিছু ৯৪ ডলারের কাছাকাছি নামায় এবং বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীদের লাগাতার কেনাকাটায় ভারতের বাজার দারুণভাবে চাঙ্গা হয়েছে। ইরান সংঘাত প্রশমিত হওয়ার সম্ভাবনা ও মার্কিন বাজারের দুরন্ত গতি এই উত্থানকে আরও ত্বরান্বিত করেছে। তেল আমদানি নির্ভর ভারতের ক্ষেত্রে আমদানির খরচ ও মূল্যবৃদ্ধির আশঙ্কা কমার এই সুযোগ দালাল স্ট্রিটকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।