রাজ্যবাসীর অপেক্ষায় জল! ভোট পিছনোর জল্পনায় সিলমোহর দিল নির্বাচন কমিশন
রাজ্য নির্বাচন কমিশন নির্ধারিত ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়ায় রাজ্যজুড়ে পুরভোট নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এর আগে অক্টোবরের শেষের দিকে পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং নভেম্বরে ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ধারণার বশেই কমিশন ১২ নভেম্বর তালিকা প্রকাশের কথা ঘোষণা করেছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ভোটের বিজ্ঞপ্তি জারি না হওয়ায় সেই পরিকল্পনা বদল করতে বাধ্য হয় কমিশন এবং সব রাজনৈতিক দলকে এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী ভোটের বিজ্ঞপ্তি জারির পর নির্দিষ্ট সময়ের ভোটার তালিকাকে ভিত্তি করেই গোটা নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হয়। অথচ বর্তমান পরিস্থিতিতে পুরভোটের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে কিংবা কবে নতুন করে ভোটার তালিকা প্রকাশ্যে আসবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি, ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও উচ্চপর্যায়ের আলোচনা হয়নি বলেই ওয়াকিবহাল মহলের সূত্রে খবর। ফলে এই দীর্ঘসূত্রতার জেরে আসন্ন পুরভোটের সঠিক সময় নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।