লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে আয়ুষ্মান ও তুষারকে কোটি টাকার হুমকি! বেঙ্গালুরু থেকে গ্রেফতার আইটি ইঞ্জিনিয়ার বৈভব মিশ্র
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ভাঙিয়ে খুনের হুমকি ও কোটি কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বেঙ্গালুরু থেকে এক আইটি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃত ত্রিশ বছর বয়সি বৈভব মিশ্র ইনস্টাগ্রাম এবং বিভিন্ন অডিও বার্তার মাধ্যমে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে তারকাদের ভয় দেখাতেন। পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও সাইবার উইংয়ের যৌথ অভিযানে প্রযুক্তির সহায়তায় তাঁর হদিশ মেলে।
মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রথমে অভিনেতা তুষার কাপুরকে ভয়েস মেসেজ পাঠিয়ে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং ঠিক একই কায়দায় আয়ুষ্মান খুরানাকেও হুমকি দেন। ভয়েস স্যাম্পল পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে কণ্ঠগুলো কোনো প্রকৃত গ্যাংস্টারের নয়। ডিজিটাল ট্র্যাকারের সাহায্যে বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এটি নিছক সস্তা প্রচার বা প্র্যাঙ্কের ছক নাকি এর নেপথ্যে কোনো বড় অপরাধী চক্র জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।