রাস্তা নয়, সাহস থাকলে সংসদে আসুন! রাহুল গান্ধীকে সরাসরি বিতর্ক ও চ্যালেঞ্জ অমিত শাহের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ জানানোর পর এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার কার্নালে বিজেপির এক কর্মসূচি থেকে রাহুল গান্ধীর উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাস্তায় লোক জমিয়ে নৈরাজ্য না তৈরি করে সাহস থাকলে সংসদে আসুন। প্রধানমন্ত্রীকে কেবল একটি চিঠি দিলেই সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৪, ২০১৯ কিংবা ২০২৪—কোনও নির্বাচনেই এসআইআর না হওয়া সত্ত্বেও দেশের মানুষ বারবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং সংসদকে অচল করে রাখার জন্যই রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে।

কংগ্রেস নেতার ঘনঘন বিদেশযাত্রা ও দিল্লির রামলীলা ময়দানের বিরোধী সভার জনসমাগম নিয়েও কটাক্ষ করেছেন অমিত শাহ। সভার মাঠে পর্যাপ্ত লোক না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ১০ লক্ষ মানুষের আবেদন সত্ত্বেও মাঠটি অর্ধেক খালিই থেকে গিয়েছিল, যা থেকে স্পষ্ট যে দেশের মানুষ রাহুল গান্ধী ও তাঁর দলকে বারবার পরাজিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, রাহুল গান্ধী রাস্তায় লোক জমিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি অব্যাহত রাখলে বিজেপি কর্মীরাও তার উপযুক্ত জবাব দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *