বক্সনগরে বিএসএফ জওয়ানদের উপর হামলা, হিংসার তীব্র নিন্দা ও নিরপেক্ষ তদন্তের দাবি মানিক সরকারের

গত ২ নভেম্বর ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় দুই বিএসএফ জওয়ানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম)-এর পলিটব্যুরো প্রাক্তন সদস্য মানিক সরকার। সীমান্ত পারাপারের সন্দেহে এক ব্যক্তিকে আটকানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও পরবর্তীতে রাস্তা অবরোধের পরিস্থিতি তৈরি হয়, যার জেরে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার সঙ্গে যুক্ত দুই জওয়ানকে আটকে মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার প্রেক্ষিতে মানিক সরকার স্পষ্ট জানিয়েছেন যে, কোনও পরিস্থিতিতেই হিংসাকে সমর্থন করা যায় না এবং জওয়ানদের আচরণে ক্ষুব্ধ হলে আইনি পথে পুলিশের কাছে অভিযোগ জানানো উচিত ছিল, আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। এছাড়া, এই ঘটনায় নারীসহ প্রায় ১০ জনকে গ্রেফতার ও চার দিনের পুলিশ হেফাজতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রতিটি দিক খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *