উৎসবের মরশুমে বামেদের স্টলে বই বিক্রিতে বাধা নয়! প্রশাসনকে মানবাধিকার কমিশনের চরম হুঁশিয়ারি
উৎসবের মরশুমে সিপিএমের বইয়ের স্টলে বই বিলি ও বিক্রিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠী বাধা দিতে পারবে না। রাজ্যের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে রাজ্য প্রশাসন ও পুলিশকে এই ব্যাপারে কড়া ব্যবস্থা ও নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। চেয়ারম্যান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন জানিয়েছে, দেশের গণতান্ত্রিক কাঠামোয় আইনের दायरे থেকে যে কোনো প্রকাশনাকে সম্মান জানানো উচিত এবং মৌলিক অধিকারের ভিত্তিতে সাধারণ মানুষকে বই কেনায় বাধা দেওয়া যাবে না। উৎসব মরশুমে বুক স্টল তৈরিতে পুরসভার সাধারণ অনুমতি বিধি মেনে চললেও সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
দুর্গাপুজোর সময় সিপিএমের পার্টি স্টলে বই বিক্রি ও বিলিতে কিছু ধর্মীয় গোষ্ঠীর বাধা ও তাণ্ডবের অভিযোগ তুলে মানবাধিকার কমিশনে ইমেলে নালিশ জানিয়েছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এর প্রেক্ষিতেই মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপালকে এ বিষয়ে পদক্ষেপ নিশ্চিত করতে বলেছে কমিশন। পাশাপাশি, এই নির্দেশের ভিত্তিতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কোনও পদস্থ ও যোগ্য অফিসারকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন।