কালীপুজোয় শীতের আমেজ, সোমবার থেকে বড় বদল আবহাওয়ায়!

 

কালীপুজোর পর আবহাওয়ার পরিবর্তন, রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন: নভেম্বরের শুরুতে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হলেও এখনই রাজ্যে শীতের আগমন ঘটছে না বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, এই শীতল ভাব সাময়িক। কালীপুজোর পর থেকেই আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোয় আকাশ রোদ ঝলমলে থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।

তবে সোমাবার থেকেই রাজ্যে আবহাওয়ার এই স্থিতিশীল পরিস্থিতি বদলে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে:

দক্ষিণবঙ্গ: সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার বৃষ্টির প্রকোপ সব জেলাতেই ছড়িয়ে পড়বে এবং বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গ: রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবারের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সোমবার মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরের নিচের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কালীপুজোর পরবর্তী এই বৃষ্টি মূলত সাময়িক এবং এর পরেই আবহাওয়ার মতিগতি বদলাতে শুরু করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *