জানুয়ারি থেকেই সপ্তম পে কমিশনের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর!
সপ্তম পে কমিশন কার্যকর করার প্রক্রিয়া শুরু: রাজ্য সরকারের তথ্য তলব
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়া দ্রুততর হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাছে কর্মী, পদ, পরিষেবা এবং ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করেছে নতুন বেতন কমিশন। কমিশনের সদস্য-সচিব দেবী প্রসাদ করণম সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, বর্তমানে কার্যকর ষষ্ঠ পে কমিশনের (রোপা ২০১৯) মেয়াদ গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। সেই লক্ষ্যেই রাজ্য প্রশাসন তৎপরতা শুরু করেছে।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠন করেছে এবং এখন শুধুমাত্র রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা। তিনি বলেন, “আমরা সপ্তম পে কমিশনের রিপোর্ট পেলেই দ্রুত তা কার্যকর করব। রাজ্য সরকারি কর্মচারীদের এ নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে অষ্টম পে কমিশন গঠনের দিকে এগোচ্ছে, সেখানে রাজ্য এখনও সপ্তম পে কমিশনের বাস্তবায়নে কাজ করছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং কেন্দ্রের সঙ্গে মহার্ঘ ভাতার (ডিএ) ব্যবধান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে, কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএ-র তফাৎ খুব শিগগিরই মিটিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, সাধারণত প্রতি দশ বছর অন্তর নতুন পে কমিশন গঠন করা হয়। রাজ্য সরকারের এই উদ্যোগে নতুন বেতন কাঠামো চালু হওয়ার পথ প্রশস্ত হওয়ায় কর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সংশ্লিষ্ট দফতরগুলো থেকে তথ্য জমা পড়ার পর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।