বাতাসে বাড়ছে বিষ, বাংলা কি দিল্লির মতো বিপদের মুখে!
কালীপুজোর আগেই কলকাতার বাতাসে বিষাক্ত দূষণ, উদ্বিগ্ন পরিবেশবিদেরা
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কালীপুজোর আগে থেকেই কলকাতার বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। উৎসবের আবহে বাজি পোড়ানোর ধোঁয়ার সঙ্গে মিশে থাকা বিষাক্ত কণা বায়ুমানকে ‘লাল’ সংকেতের দিকে ঠেলে দিয়েছে। দিল্লির মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায়।
তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকেই শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় বায়ুদূষণ বৃদ্ধি পায়, যা শনিবার রাতে আরও প্রকট হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্যমতে, শনিবার রাতে হাওড়ার ঘুসুরিতে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫০। একই সময়ে সল্টলেকে ৩৩৬, যাদবপুরে ৩২৬, বালিগঞ্জে ৩২১ এবং বেলুড়ে ৩১৩ মাত্রা বজায় ছিল। এর আগে শুক্রবার রাতে ঘুসুরিতে এই মাত্রা ছিল ৩৯৭, যা উদ্বেগজনকভাবে বেশি।
কলকাতার বাতাসে এই দূষণের মাত্রা যে বিপজ্জনক সীমার ওপর রয়েছে, তা পরিসংখ্যান থেকেই স্পষ্ট। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আবহাওয়াবিদদের আশঙ্কা। কালীপুজোর রাতে আতশবাজির ব্যাপক ব্যবহারের ফলে দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যেই কঠোর নির্দেশিকা জারি করেছে। বাজি ফাটানোর জন্য রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এবং বাজি বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম ও শর্ত আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি থাকলেও, উৎসবের প্রাক্কালেই বাতাসের গুণগত মানের এমন অবনতি সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।