বারাসতের কালীপুজোয় রাম মন্দিরের ছোঁয়া, আলোর ঝলকানিতে মুগ্ধ শহর!

 

বারাসতের কালীপুজোয় রামায়ণের আবহে আলোকসজ্জার চমক

নিজস্ব প্রতিবেদক, বারাসত: প্রতি বছরের মতো এবারও বারাসতের কালীপুজোয় নজরকাড়া আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। তবে এবারে বারাসতের মণ্ডপগুলোর আলোকসজ্জায় বিশেষ গুরুত্ব পেয়েছে রামায়ণের বিভিন্ন কাহিনি। অযোধ্যার রামমন্দির থেকে শুরু করে শ্রীরামের বনবাস এবং লঙ্কাকাণ্ড— আলোর কারসাজিতে ফুটিয়ে তোলা হয়েছে রামজীবনের নানা পর্যায়।

কালীপুজোর মণ্ডপে মা কালীর আরাধনার পাশাপাশি বাইরের আলোকসজ্জায় রাম-সীতার কাহিনি দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উদ্যোক্তাদের দাবি, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই এই বিশেষ প্রয়াস নেওয়া হয়েছে।

এই আলোকসজ্জার নেপথ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও উঠে আসছে। বারাসতের শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের এক উদ্যোক্তা দাবি করেন, অতীতে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি অবহেলিত ছিল। সেই পরিস্থিতির পরিবর্তনের বার্তা দিতেই এবার রামায়ণের আবহে আলোকসজ্জার পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও বলেন, রামমন্দির প্রতিষ্ঠার প্রেক্ষাপটকে সামনে রেখে দর্শনার্থীদের মধ্যে এক বিশেষ উন্মাদনা দেখা যাচ্ছে।

উল্লেখ্য, বারাসতের কালীপুজোয় বরাবরই থিম ও আলোকসজ্জার অভিনবত্ব থাকে। সেই ধারায় এবার রামায়ণ ও রামরাজ্যের থিম যোগ হওয়ায় পুজোর আমেজ অন্য মাত্রা পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *