KYC আপডেটের মেসেজেই সর্বনাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা!

 

কেওয়াইসি আপডেটের নামে অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, ময়নাগুড়ি: কেওয়াইসি (KYC) আপডেটের নামে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন ময়নাগুড়ির এক অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রতারকদের পাঠানো ফাইল ডাউনলোড করার পর তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ভুক্তভোগী শিক্ষক হৃদয় কৃষ্ণ রায়ের অভিযোগ, গত ৪ অক্টোবর তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে জানানো হয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা প্রয়োজন। পরদিন অর্থাৎ ৫ অক্টোবর তাঁর হোয়াটসঅ্যাপে একটি ফাইল পাঠানো হয় এবং দাবি করা হয়, ওই ফর্মটি পূরণ করলেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে। ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই বলে তাঁকে আশ্বস্ত করা হয়।

শিক্ষক জানান, সরল বিশ্বাসে তিনি ওই ফাইলটি ডাউনলোড করেন। সঙ্গে সঙ্গেই তাঁর মোবাইল ফোনটি হ্যাং হয়ে যায় এবং নেটওয়ার্ক থাকলেও তিনি বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পরপর টাকা কাটতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে তিনি শনিবার স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যোগাযোগ করলে তাঁর এটিএম পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তবে তাতেও শেষরক্ষা হয়নি। অভিযোগ, এরপর তাঁর অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেও টাকা কাটা শুরু হয়। এমনকি রবিবারও তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। পরপর দুই অ্যাকাউন্ট থেকে টাকা চুরির ঘটনায় দিশেহারা ওই শিক্ষক রবিবার ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে হাজির হয়ে বিস্তারিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *