গুন্ডাদমন আইন নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা! শুরুতেই স্থগিতাদেশের আবেদন?
রাজ্যে নতুন গুন্ডাদমন আইন কার্যকর হওয়ার দিনই তা নিয়ে আইনি সংঘাত শুরু হলো কলকাতা হাইকোর্টে। সোমবার এই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করেন আইনজীবী ও সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মামলাটি শুনানির জন্য অনুমতি দিয়েছে।
বিধানসভায় প্রস্তাবিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল’ নিয়ে শুরু থেকেই সরব ছিল বিরোধী পক্ষ। কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই আইনকে ‘দমনমূলক ও অনৈতিক’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, রাজ্য সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে জানিয়েছে, সুশাসন প্রতিষ্ঠা ও রাজ্যকে গুন্ডামুক্ত করতেই এই আইনের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না এবং পুলিশ এখন থেকে কঠোরভাবে এই আইন প্রয়োগ করবে।