নিট কাণ্ড: প্রশ্নপত্র বিক্রির ‘মেনু কার্ড’ নিয়ে কেন্দ্রকে তুলোধোনা রাহুলের!

দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেরাদুনের এক সমাবেশে তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের শিক্ষাব্যবস্থায় টাকার বিনিময়ে নির্দিষ্ট দামে প্রশ্নপত্র কেনা যাচ্ছে, যা অনেকটা ‘মেনু কার্ড’ থেকে পছন্দমাফিক খাবার বেছে নেওয়ার মতো। রাহুল গান্ধীর দাবি, দেশে এখন পর্যন্ত ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় সাড়ে ৭ কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমাবেশে একটি গ্রাফিক তালিকা তুলে ধরে তিনি দাবি করেন, ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ৪০ লক্ষ টাকা, ২০২১ সালের আইআইটি-জেইই ১৫ লক্ষ টাকা, ২০২৪ সালের বিহার শিক্ষক নিয়োগ ১০ লক্ষ টাকা এবং ২০২৫ সালের ওড়িশা পুলিশ এসআই পরীক্ষার প্রশ্নপত্র ২৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। তাঁর মতে, কোটিপতিরা এই সুযোগ সুবিধা নিলেও সৎ ও সাধারণ পড়ুয়ারা শিক্ষার উচ্চ খরচ, কর্মসংস্থানের অভাব এবং তীব্র প্রতিযোগিতার পাশাপাশি এই প্রশ্নপত্র ফাঁসের শিকার হচ্ছেন। পরীক্ষা ব্যবস্থাকে একুশ শতকের উপযোগী করা, ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের ক্ষতিপূরণ দেওয়া এবং অবিলম্বে পুনরায় স্বচ্ছ পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *