মাদ্রাসা নিয়োগে দুর্নীতির ছায়া! অবৈধ চাকরি রুখতে রাজ্যের ৭ দিনের চরম আল্টিমেটাম
মাদ্রাসা নিয়োগে কঠোর রাজ্য সরকার, ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্যের ১৪টি জেলার ৭১টি স্বীকৃত বেসরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় হওয়া অবৈধ নিয়োগের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষা দফতর। ২০১৫ ও ২০১৬ সালের সরকারি নির্দেশিকা অমান্য করে যে সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ পেয়েছেন, তাঁদের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, কোনোভাবেই যেন কোনো বেআইনি বা অননুমোদিত ব্যক্তি শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসেবে কর্মরত থাকতে না পারেন, তা সুনিশ্চিত করতে হবে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট জেলাগুলির জেলা বিদ্যালয় পরিদর্শকদের (DI) আগামী এক সপ্তাহের মধ্যে নবান্নে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, বর্তমানে যে সমস্ত কর্মী বিনা বেতনে কাজ করছেন, তাঁদের তথ্য আলাদাভাবে এই রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে। সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মাদ্রাসাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করে সম্পূর্ণ রিপোর্ট নবান্নে জমা দিতে হবে।