যন্তর মন্তরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, দিল্লি পুলিশের কড়া পদক্ষেপ!
দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে সিজেপি (CJP)-র ছাত্র বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ও অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৫১(৩), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম তৎপর হয়ে উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও ও পোস্টগুলো অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু নিউজ পোর্টাল, ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি, বিতর্কিত ভিডিওগুলো কোন উৎস থেকে ছড়ানো হয়েছে তার বিস্তারিত তথ্য তলব করা হয়েছে।
পাশাপাশি, গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট মেটা (Meta) প্ল্যাটফর্ম থেকে সাময়িকভাবে মুছে ফেলার ঘটনায় নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। মেটা কর্তৃপক্ষ একে ‘প্রযুক্তিগত ত্রুটি’ হিসেবে অভিহিত করে ক্ষমা চাইলেও, তা প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি সচিব এস. কৃষ্ণান জানিয়েছেন, মেটার ব্যাখ্যা সন্তোষজনক নয় এবং পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত ও বিস্তারিত তথ্য প্রয়োজন। এ বিষয়ে জবাবদিহিতার জন্য মেটার এক শীর্ষ কর্মকর্তাকে তলব করা হয়েছে।