বই কেনার টাকা নেই, কেবিসিতে ৫০ লক্ষ জিতে নিলেন ধারাভির রুচিতা!
বার্তা ডেস্কঃ
মুম্বইয়ের ধারাভির ১০ বাই ১০ ফুটের এক চিলতে ঘরে বসবাসকারী রুচিতা আধালরাওয়ের জীবনসংগ্রাম সত্যিই অবাক করার মতো। পরিবারের চরম আর্থিক অনটনের কারণে বই কেনা বা কোচিংয়ে পড়ার সামর্থ্য ছিল না তাঁর; এমনকি ঘরে খাট রাখার জায়গা না থাকায় কখনও খাটেও ঘুমাননি তিনি। তবে সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে পাবলিক ওয়াই-ফাই ও ইউটিউবের ভিডিও ডাউনলোড করেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেন এই মেধাবী তরুণী। অদম্য জেদ আর কঠোর পরিশ্রমে তিনি পৌঁছে যান অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র মঞ্চে।
কেবিসি-র মঞ্চে দুর্দান্ত খেলা প্রদর্শন করে শেষ পর্যন্ত ৫০ লক্ষ টাকার পুরস্কার জিতে নেন রুচিতা। ১ কোটি টাকার প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকায় ঝুঁকি না নিয়ে তিনি খেলা থেকে সরে দাঁড়ান। তবে এই বিশাল অর্থ তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণে বড় ভূমিকা রাখবে। ধারাভির বস্তির ছোট ঘর ছেড়ে পরিবারের জন্য একটি স্থায়ী ও নিরাপদ আশ্রয় তৈরি করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।