প্রাক্তন পাক অধিনায়কের চিকিৎসায় একজোট ক্রিকেট বিশ্ব!

বার্তা ডেস্কঃ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটের ২২ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে তাঁরা ইমরানের যথাযথ চিকিৎসা এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের অধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন। এই বিশিষ্ট তারকাদের তালিকায় ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক সুনীল গাভাসকর ও কপিল দেব ছাড়াও রয়েছেন দিলীপ বেঙ্কটসরকার, অ্যালান বর্ডার এবং ক্লাইভ লয়েডের মতো বিশ্ব ক্রিকেটের বরেণ্য ব্যক্তিত্বরা।

প্রায় তিন বছর ধরে জেলবন্দি ৭৩ বছর বয়সি এই নেতার সুচিকিৎসা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে পাঠানো এই চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং সতীর্থ ও সহকর্মী হিসেবেই তাঁরা এই আবেদন জানাচ্ছেন। আদালতের নির্দেশমতো একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠন করে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা এবং অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *