আরজি কর কাণ্ড: অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের!
বার্তা ডেস্কঃ
আরজি কর কাণ্ডে তিলোত্তমার সৎকার সংক্রান্ত মামলায় খড়দহ থানার ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ঘটনার পর তিলোত্তমার পরিবারের অভিযোগের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে নতুন করে এফআইআর রুজু করেছিল পুলিশ। আদালতের নির্দেশে সিআইডি ও পুলিশের সমন্বয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের পরও পুলিশের এই পৃথক পদক্ষেপে ক্ষুব্ধ হাইকোর্ট। বিচাপতিদের স্পষ্ট বক্তব্য, হাইকোর্ট সিট গঠন করার পরও খড়দহ থানা কেন নিষ্ক্রিয় ছিল এবং আলাদা করে এফআইআর করল, তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চলা সত্ত্বেও পুলিশের এমন পদক্ষেপকে আদালতের সঙ্গে চালাকি বলে ভর্ৎসনা করেছেন বিচারপতিরা।
আইন সম্পর্কে পুলিশের অজ্ঞতা নাকি অন্য কোনো উদ্দেশ্য, তা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি শম্পা সরকার খড়দহ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন যে, অভিযোগ পেলেই যদি পুলিশ এভাবে তৎক্ষণাৎ এফআইআর করত, তবে অন্যান্য ক্ষেত্রেও হাইকোর্টের মামলার বোঝা অনেকটাই কমে যেত। তদন্ত প্রক্রিয়াকে পক্ষপাতহীন এবং সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে আদালত এবার এই সৎকার মামলার সমস্ত দায়িত্বও সরাসরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছে।