ঝাড়গ্রামের এই ঘাসের দাম বাড়ল চারগুণ, পাইকারদের হুড়োহুড়ি!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমে জঙ্গলমহলের রুক্ষ জমিতে এবার যেন সোনার খনি খুঁজে পেয়েছেন স্থানীয় কৃষকরা। পুজোর মুখে ভিনরাজ্যে হু-হু করে বাড়ছে বাংলার বাবুই ঘাসের চাহিদা, যার জেরে রাতারাতি বদলাচ্ছে ঝাড়গ্রামের বেলপাহাড়ির প্রান্তিক চাষিদের ভাগ্য। ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আসা পাইকাররা গ্রামের পর গ্রামে লাইন দিচ্ছেন এই ঘাস কিনতে। যে বাবুই ঘাস এতদিন জলের দরে বিক্রি হতো, অন্যান্য বছর যার দাম থাকত কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা, চলতি মরশুমে তা একধাক্কায় পৌঁছেছে ৩০ থেকে ৪০ টাকায়। প্রায় তিন থেকে চার গুণ বেশি মুনাফা পাওয়ায় বেজায় আনন্দিত বেলপাহাড়ির জঙ্গলঘেরা এলাকার পরিবারগুলি।

ভাদ্র ও আশ্বিন মাসই হলো বাবুই ঘাস কাটার উপযুক্ত সময়, যা পেরিয়ে গেলে ঘাস শুকিয়ে নষ্ট হয়ে যায়। তাই বর্তমানে পুরুষ ও মহিলা নির্বিশেষে কাস্তে হাতে দিনরাত এক করে মাঠে কাজ চালাচ্ছেন চাষিরা। মূলত প্রতিমা নির্মাণ, মণ্ডপ সজ্জা, রকমারি হস্তশিল্প এবং মজবুত দড়ি তৈরিতে বাবুই ঘাসের ব্যাপক চাহিদা থাকে। এই চাহিদা মোতেই ওড়িশা ও ঝাড়খণ্ডের পাইকাররা সরাসরি বেলপাহাড়ির জঙ্গলে এসে বাবুই ঘাস কেনার জন্য কাড়াকাড়ি করছেন। লালমাটির যে প্রান্তিক মানুষগুলো এতদিন বেঁচে থাকার লড়াই করতেন, এই উৎসবে তাঁদের ঘরেই এখন জমে উঠেছে লক্ষ্মীলাভের আনন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *