গুন্ডাদমন আইন এবার বাংলায়, অপরাধ দমনে সোমবার থেকেই কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!
রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজবিরোধী কার্যকলাপ দমনে নতুন ‘গুন্ডাদমন’ আইন কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় পাস হওয়া ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ এবং জনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সংশোধনী বিলে রাজ্যপাল আরএন রবি সম্মতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার থেকেই রাজ্যজুড়ে এই নতুন আইন কার্যকর হবে।
গুজরাত ও উত্তরপ্রদেশের আদলে তৈরি এই আইনের আওতায় পুলিশ সন্দেহভাজনদের আগাম গ্রেফতারের (প্রিভেন্টিভ অ্যারেস্ট) বিশেষ ক্ষমতা পাবে। এছাড়া সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতির অর্থ অভিযুক্তদের কাছ থেকে আদায়ের সংস্থান রাখা হয়েছে। রাজনৈতিক হিংসার পাশাপাশি তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট রাজ এবং অবৈধ খননের মতো সংগঠিত অপরাধ দমনেও এই আইন কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন হাতে তুলে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন এখন থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে।