রায়গঞ্জে শুভেন্দুর হাইভোল্টেজ সভা, রাজনৈতিক পারদ তুঙ্গে!

বার্তা ডেস্কঃ

আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার রায়গঞ্জ সফরে আসছেন রাজ্য সরকার ও দলীয় স্তরে নতুন দিগন্ত সূচিত করা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদে আসীন হওয়ার পর এটাই তাঁর প্রথম রায়গঞ্জ সফর, যা নিয়ে জেলাজুড়ে ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক আলোড়ন সৃষ্টি হয়েছে। সফরকালে তিনি কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলার উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। একই সাথে তিস্তা প্রকল্পের পার্শ্ববর্তী ময়দানে এক বিশাল জনসভায় সাধারণ মানুষের মুখোমুখি হবেন তিনি। মুখ্যমন্ত্রীর অবতরণের জন্য কর্ণজোড়া হাইস্কুলের মাঠে দ্রুত গতিতে হেলিপ্যাড তৈরির কাজ সম্পন্ন করা হচ্ছে। অডিটোরিয়াম সংস্কারের কাজ থেকে শুরু করে সভামঞ্চ ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।

এই মর্যাদাপূর্ণ ও হাইভোল্টেজ সফরকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলাজুড়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসন এবং স্থানীয় নেতৃত্বের যৌথ উপস্থিতি দেখা গেছে। জেলাশাসক অভিজিৎ শেভালে, নর্থবেঙ্গল রেঞ্জের আইজি সুকেশ জৈনসহ শীর্ষ পুলিশ কর্তারা এবং সাংসদ কার্তিকচন্দ্র পাল সভাস্থল, পার্কিং অঞ্চল ও সার্বিক নিরাপত্তা সরেজমিনে পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই সফর থেকে রায়গঞ্জসহ পুরো জেলার দীর্ঘদিনের একাধিক গুরুত্বপূর্ণ দাবি পূরণ ও নতুন উন্নয়মূলক বার্তা আসতে পারে বলে আশাবাদী সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *