ভয়ঙ্কর কাণ্ড! বরফ কারখানায় গ্যাস লিক, অসুস্থ শিশু-সহ ২৫!
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার শা’পুকুর এলাকায় রবিবার রাতে একটি বরফ কারখানা থেকে হঠাৎ অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গ্যাস দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় শিশু ও মহিলা-সহ কমপক্ষে ২৫ জন স্থানীয় বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সকলের তীব্র শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিলে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। প্রশাসনিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও গ্যাস লিক হওয়ার সঠিক কারণ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
এদিকে, ঘনবসতিপূর্ণ এলাকায় বারবার এমন বিপজ্জনক গ্যাস লিকের ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে ওই বরফ কারখানাটি চিরতরে বন্ধের দাবিতে সরব হন তাঁরা। এরপর ক্ষুব্ধ জনতা বেড়াচাঁপা-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে তীব্র পথ অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, স্থানীয় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে এবং দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। এই পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা বজায় থাকে।