ই২০ পেট্রলে ৩১ শতাংশের বেশি ইথানল, নমুনা পরীক্ষা করে কেন্দ্রকে ক্ষতিপূরণের দাবি জানাল কর্নাটক সরকার

ই২০ পেট্রলে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত ইথানল মেশানোর গুরুতর অভিযোগ তুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে কর্নাটক সরকার। রাজ্য সরকারের সংগৃহীত ৬৩টি নমুনার স্বাধীন পরীক্ষাগার রিপোর্টে দেখা গেছে, আইওসিএল, এইচপিসিএল, বিপিসিএল, নায়ারা ও শেলের মতো তেল বিপণনকারী সংস্থাগুলির জ্বালানিতে ইথানলের মাত্রা ২০ শতাংশের বদলে সর্বোচ্চ ৩১.২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। আইওসিএল-এ ৩১.২, এইচপিসিএল-এ ৩০.৫, বিপিসিএল-এ ২৬.৫, নায়ারাতে ২৬.১ এবং শেল-এ ২৫.৫ শতাংশ ইথানল পাওয়া গেছে। তেল সংস্থাগুলির থেকে স্পষ্ট জবাব না পাওয়ায় বেঙ্গালুরুসহ সাতটি জেলা থেকে এই নমুনাগুলো সংগ্রহ করে শ্রীরাম রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

দেশের নিয়ম অনুযায়ী পেট্রলে ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর অনুমতি থাকলেও অতিরিক্ত মাত্রার কারণে যানবাহনের মাইলেজ কমে যাওয়া ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির আশঙ্কায় প্রকাশ পেয়েছে। কর্নাটকের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রিজওয়ান আরশাদ এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরে ভুক্তভোগী গাড়িচালকদের জন্য একটি নির্দিষ্ট ক্ষতিপূরণ তহবিল গঠনের দাবি জানিয়েছেন। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, মাইলেজ ১০ শতাংশ কমে গেলে গাড়িচালকদের বছরে প্রায় ৬২ হাজার কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *